নারায়ণগঞ্জে আ.লীগের বিকল্প নেই : আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জের পাঁচটি আসনই আওয়ামী লীগের ঘাঁটি। আওয়ামী লীগ সরকার জনগণের কথা বলে। এখানে আওয়ামী লীগের বিকল্প কোনো কিছু হতে পারে না।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চরগোয়ালদী গ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদ মিজানুর রহমানের ২৬তম শাহাদাৎ বার্ষিকীতে চরগোয়ালদী ঈদগা মাঠে শহীদ মিজান স্মৃতি সংসদ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আইভী এ কথা বলেন।
তিনি বলেন, সোনারগাঁয়ের মানুষ আর জাতীয় পার্টির এমপি চায় না। সোনারগাঁ আজ বালু সন্ত্রাসের করাল গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে। সোনারগাঁয়ে জাতীয় পার্টির এমপি হওয়ার পর মেঘনা নদীর নুনেরটেক এলাকায় বালু সন্ত্রাস বেড়ে গেছে। এ বালু সস্ত্রাসের সঙ্গে আমরা নারায়ণগঞ্জের মানুষ যুক্ত হয়েছি। বালু সন্ত্রাসের কারণে নুনেরটেক আর নুনেরটেক নেই। কৃষকের ফসলি জমি ও বাড়ি ঘরের কোল ঘেঁষে বালু তুলে এলাকাবাসীকে সর্বশান্ত করা হয়েছে।
মেয়র আইভী আরও বলেন, ১৯৭৫ থেকে ১৯৯৬ পর্যন্ত বাংলাদেশ বহির্বিশ্বের কাছে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এ কলঙ্ক মোচন হয়। বাংলাদেশ ধীরে ধীরে উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছে। বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
তিনি বলেন, হাজারো মিজানের মতো যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাদের আত্মত্যাগের বিনিময়ে শেখ হাসিনা আজ প্রধানমন্ত্রী হয়েছেন।
জাপান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বাহাদুর বেপারী, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল-কায়সার, শিল্পপতি ড. মাসুম ইকবাল, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সহকারী সম্পাদক আখলাকুর রহমান মাইনু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক সালেহ মোহাম্মদ টুটুল, জাপান আওয়ামী লীগের সভাপতি সামসুল আলম ভুট্টো, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, কমিউনিটি পুলিশিংয়ের সোনারগাঁ উপজেলা সভাপতি গাজী মুজিবুর রহমান, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু প্রমুখ।
উল্লেখ্য, শহীদ মিজানুর রহমান মিজান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র থাকাকালীন ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৯১ সালে ২৭ শে অক্টোবর সন্ত্রাসবিরোধী মিছিলে ছাত্রদলের সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ শে অক্টোবর তিনি মৃত্যু বরণ করেন।
শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম