কুমিল্লায় স্কুলছাত্রীকে গণধর্ষণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:০৭ পিএম, ৩১ অক্টোবর ২০১৭

কুমিল্লায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাঠালিয়া এলাকার ভারত সীমান্তে এ ঘটনা ঘটে।

সোমবার রাতের এ ঘটনায় দুই ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। অভিযুক্তরা হলেন- উপজেলার উজিরপুর ইউনিয়নের চকলক্ষ্মীপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে মহিউদ্দিন (২০) ও আলী নেওয়াজের ছেলে জালাল উদ্দিন (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রোববার সকালে চৌদ্দগ্রাম উপজেলার পূর্ব বেলঘর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে স্থানীয় মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীকে (১১) অটোরিকশাযোগে স্কুলে যাওয়ার পথে অপহরণ করা হয়।

অপহরণের পর মহিউদ্দিন ও জালাল উদ্দিন ওই ছাত্রীকে ভারত সীমান্তের কাঠালিয়া এলাকায় নিয়ে যায়। সেখানে জঙ্গলের ভেতরে দুই বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে স্কুলছাত্রীকে জঙ্গলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় সোমবার রাতে ওই স্কুলছাত্রীর বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন। এদিকে, শিগগিরই দুই বখাটেকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ওই স্কুলছাত্রীর সহপাঠিরা।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের ওসি আবুল ফয়সল জানান, স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্তদেরকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মো. কামাল উদ্দিন/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।