১০০ টাকা চুরির অপবাদে ছাত্রকে শিক্ষকের বেত্রাঘাত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় চুরির অপবাদ দিয়ে ৬ বছর বসয়ী এক মাদরাসা ছাত্রকে ওই মাদরাসার শিক্ষক বেত্রাঘাত ও চড়থাপ্পড় দিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। আহত আরাফাত নামের ওই ছাত্রকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ষোলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত মাদরাসার ছাত্রের পরিবারের লোকজন উত্তেজিত হয়ে উঠে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক গ্রামের বাসিন্দা ও খইল্লাপাড়া গ্রামের ইসলাম মিয়ার ভাড়াটিয়া মো.কাশেমের ছেলে আরাফাতকে (৬) ষোলপাড়া গ্রামের শেখ শরফুদ্দিন মাদরাসায় কোরআন শিক্ষার জন্য ভর্তি করায়।
বৃহস্পতিবার সকালে আরাফাত মাদরাসায় পড়তে আসে। আইরিন আক্তার নামের এক শিক্ষিকার ব্যাগ থেকে ১০০ টাকা চুরির অভিযোগ আনেন আরাফাতের বিরুদ্ধে। এ চুরির অপবাদে মাদরাসাছাত্র আরাফাতকে শিক্ষক শাকিল মিয়া তার রুমে নিয়ে দরজা বন্ধ করে বেত্রাঘাত, চড়থাপ্পড় ও দেয়ালে মাথা ঠুকিয়ে আহত করে।
শেখ শরফুদ্দিন মাদরাসার শিক্ষক মোহাম্মদ শাকিল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বেত্রাঘাত ও মারধরের অভিযোগ অস্বীকার করেন।
সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, এবতেদায়ি মাদরাসা যখন তখন যেখানে সেখানে গড়ে উঠে। আমাদের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। তবে বিষয়টি খুবই দুঃখজনক। ছাত্রকে বেত্রাঘাতের বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
মো. শাহাদাত হোসেন/এএম/জেআইএম