জর্দার কোটায় বোমা বানানো টুন্ডা মাসুদ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:১০ পিএম, ০৪ নভেম্বর ২০১৭

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মাসুদ ওরফে টুন্ডা মাসুদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডজন খানিক মামলা রয়েছে। তিনি নিজেকে যুবলীগ নেতার পরিচয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।

শনিবার বিকেলে ফতুল্লার বাংলাভোজ রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হলে রাতে পুলিশ তা নিশ্চিত করে। তিনি পুলিশের ৫৯নং তালিকাভুক্ত সন্ত্রাসী।

গ্রেফতার টুন্ডা মাসুদ ফতুল্লার চৌধুরী বাড়ি এলাকার আবদুল হাইয়ের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তিনি যুবলীগের রাজনীতি করে নিজেকে এমপি শামীম ওসমানের লোক পরিচয় দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।

ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই শাফিউল আলম বলেন, টুন্ডা মাসুদের একাধিক মামলাসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হওয়ায় শনিবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

টুন্ডা মাসুদের উত্থান পতন :

টুন্ডা মাসুদ তরুণ বয়সে ছোট খাটো অপরাধ করে বেড়াতেন। এতে এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিতি পায়। এক সময় অপরাধীদের সঙ্গে মিশে জর্দার কোটায় বোমা বানানো শিখে টুন্ডা মাসুদ।

একপর্যায়ে ১৯৮৪-৮৫ সালের দিকে মাসুদের বাবা আবদুল হাই তাকে চট্টগ্রামের মহেশখালীতে একটি কোল্ড স্টোরে ইলেকট্রিক মিস্ত্রির কাজ পাইয়ে দেয়। সেখানে কাজ করাকালীন স্থানীয় অপরাধীদের সঙ্গে মাসুদের সখ্য গড়ে ওঠে। পরবর্তীতে তাদের মাধ্যমে মহেশখালীর এক ইউনিয়ন পরিষদের নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে মাসুদ বোমা বানাতে যায়।

বোমা তৈরির একপর্যায়ে বোমার বিস্ফোরণে মাসুদের একটি হাত উড়ে যায়। এরপর চট্টগ্রামের মহেশখালীতে তিনি পরিচিতি পায় টুন্ডা মাসুদ হিসেবে।

পুলিশি গ্রেফতার এড়াতে এক সময় টুন্ডা মাসুদ ফতুল্লায় ফিরে আসেন। বোমা বানাতে গিয়ে হাত উড়ে যাওয়ার ঘটনায় এলাকায় বোমা তৈরির কারিগর হিসেবে স্থানীয় রাজনীতিতে টুন্ডা মাসুদের কদর বেড়ে যায়।

এরশাদ সরকার পতন আন্দোলনে হরতালে নিয়মিত বোমা বানানোর অর্ডার পান তিনি। ধীরে ধীরে রাজনীতিবিদদের সান্নিধ্যে চলে যান টুন্ডা মাসুদ।

এ সুযোগ কাজে লাগিয়ে কিছু সাঙ্গ-পাঙ্গ নিয়ে একটি বাহিনী গড়ে তুলেন টুন্ডা মাসুদ। দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি এমপি সারাহ বেগমের কবরীর মাধ্যমে এলাকায় ফিরে আসতে চাইলেও আসতে পারেনি।

পরে শামীম ওসমান এমপি হওয়ার পর তার স্ত্রী নানা কৌশলে ও কান্নাকাটি করে এমপি শামীম ওসমানের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছে এলাকায় এসে মাসুদ আর সন্ত্রাসী করবে না। সেই সুবাধে এলাকায় ফিরে আসেন।

মো: শাহাদাত হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।