ধানের বীজের জন্য কৃষকের হাহাকার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৫:২৪ এএম, ০৬ নভেম্বর ২০১৭
ফাইল ছবি

ঝালকাঠিতে ব্রি-৪৭ প্রজাতির ধানের ব্যাপক সংকট দেখা দিয়েছে। উপকূলীয় জেলা ঝালকাঠিতে বন্যা সহিষ্ণু এ ধানের চাহিদা ব্যাপক হারে থাকলেও বিএডিসি বীজ বিপণন কেন্দ্র কিংবা ডিলার কারও কাছেই বীজ পাচ্ছেন না কৃষকরা।

ঝালকাঠির বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সহকারী পরিচালক শারমিন জাহান বলছেন, গত ২৬ অক্টোবর বৃহস্পতিবার জেলায় মোট ৬ টন ব্রি-৪৭ জাতের ধানের ভিত্তি বীজ এসেছে। এখানকার বিক্রয় কেন্দ্রে এসেছে ২ টন। বাকি ৪ টন ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার ১৮ জন ডিলারের মাঝে বিক্রির জন্য বণ্টন করা হয়েছে। আমরা যে ২ টন পেয়েছি তা শুক্র ও শনিবারই বিক্রি শেষ হয়ে গেছে। এখন কৃষকরা এ বীজ নিতে আসলেও আমরা দিতে পারছি না।

বীজ বিক্রয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, বিক্রির দায়িত্বে রয়েছেন রিপন নামের এক কর্মচারী। তিনি জানান, প্রতিটি ব্যাগে ১০ কেজি করে ব্রি-৪৭ ভিত্তি বীজ রয়েছে, যা ৫৮০ টাকা দরে প্রতি ব্যাগ বিক্রি হয়েছে। দেখা গেছে শুধু বিএডিসি’র প্যাডে নাম, পরিমাণ ও দর লিখে রেখেছেন। তাতে জ্যোতিষ ৬ ব্যাগ, উত্তম ৪ ব্যাগ, বাবুল ৫ ব্যাগ, পান্না মিয়া ৬ ব্যাগ, শামসুল আলম ৪ ব্যাগ, বেলাল গাজি ৫ ব্যাগ, ফারুক হোসেন ৪ ব্যাগ, আমজাদ হোসেন ৪ ব্যাগ নিয়েছেন বলে লেখা রয়েছে। তবে কৃষক কোথাকার এমন কোনো ডকুমেন্ট কোথাও লেখা নেই।

শহরের বাসন্ডা এলাকার কৃষক খোকন শরীফ জানান, ৪ দিন ধরে বিএডিসির বীজ বিপণন কেন্দ্রে ঘুরেছি। শেষ পর্যায়ে সেখান থেকে সাফ কথা জানিয়ে দিয়েছে বীজ শেষ হয়ে গেছে। তাই কর্মকর্তার কাছে এসেছি। আমরা মূলচাষি। বিঘায় বিঘায় জমি চাষাবাদ করি। আমরাই যদি বীজ না পাই, তাহলে কোন কৃষক সঠিকভাবে বীজ পেয়েছে?

কৃষিবিদ মাহজুবা তাসনিম ঐশী জানান, বোরো মৌসুমের শুরুর দিকে অর্থাৎ চারা অবস্থায় জমিতে লবণের পরিমাণ বেশি থাকে। এ অবস্থায় ব্রি ধান ৪৭ আবাদ করলে অন্যান্য বোরো ধানের চেয়ে অধিক ফলন পাওয়া যায়। এটি একটি লবণ সহিষ্ণু জাত, গাছের উচ্চতা ১০৫ সেন্টিমিটার, ডিগপাতা চওড়া লম্বা ও খাঁড়া, চাল মাঝারি মোটা ও বয়স্ক অবস্থায় নিন্ম থেকে মধ্যম মাত্রায় লবণ সহনীয়। এ ধানের জীবনকাল ৪ মাস ২২ দিন। লবণাক্ত পরিবেশে হেক্টরপ্রতি এ ধান ৬ টন ফলন দিতে সক্ষম। ১-১৫ অগ্রহায়ন (১৫-৩০ নভেম্বর) পর্যন্ত বীজ বপণ করতে হয়।

আতিকুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।