লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে না.গঞ্জে বিক্ষোভ সমাবেশ
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিনের প্রতিবাদে ও ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জের ফতল্লার পাগলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইমাম, আলেম ওলামারা।
বুধবার দুপুরে আলীগঞ্জ ও পাগলার কয়েকটি মসজিদের ইমাম ও আলেম ওলামা পাগলায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে সমবেত হয়ে এ বিক্ষোভ মিছিল করে। পরে পাগলা ওয়ালটন শোরুমের সামনে গিয়ে এক সমাবেশ মিলত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের শ্রমিক কল্যাণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশ। এ সময় বক্তব্য রাখেন আলীগঞ্জ জামে মসজিদের ইমাম মাওলানা হারুনুর রশিদ, পাগলা জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন মেহেদী, পাগলা তালতলা মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা লতিফ সিদ্দিকীর জামিনে ক্ষোভ প্রকাশ করেন এবং তার জামিনের পেছনে সরকারের সম্মতি রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে নিউইয়র্ক টাঙ্গাইল সমিতির এক অনুষ্ঠানে হজ, তাবলীগ জামাত, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাংবাদিকদের সম্পর্কে বিরূপ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন আবদুল লতিফ সিদ্দিকী। এ ঘটনার পর আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এ সদস্য দল থেকে বহিষ্কৃত হন।
একই ঘটনায় অনুভূতিতে আঘাত ও কটূক্তির অভিযোগে আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অনেকগুলো মামলা হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকা ও দেশের ১৮টি জেলায় ২২টি মামলা রয়েছে। নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় প্রতিটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপরই গত বছরের ২৫ নভেম্বর তিনি রাজধানীর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেন। এরপরই আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। চলতি বছরের ২৯ জুন তিনি জামিনে মুক্তি লাভ করেন।
শাহাদাৎ হোসেন/এআরএ/আরআইপি