যশোরে হারিয়ে যাওয়া উত্তরপত্রগুলো পেয়েছে ট্রাক হেলপার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১২:১৬ পিএম, ১৯ নভেম্বর ২০১৭

যশোরে এক শিক্ষকের কাছ থেকে হারিয়ে যাওয়া জেএসসির ২শ খাতা (উত্তরপত্র) ফিরে পেয়েছে শিক্ষা বোর্ড। সাইফুল ইসলাম নামে এক ট্রাকহেলপার রোববার শিক্ষা বোর্ডে এসে ওই উত্তরপত্র দিয়ে গেছেন বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র। তার সঙ্গে ট্রাক চালক আশাদুল ইসলামও ছিলেন। উত্তরপত্র নিয়ে আসা ব্যক্তির ছবি তুলে রাখা হয়েছে বলেও জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক।

সূত্র মতে, শনিবার মোটরসাইকেলে করে বাগেরহাটের কচুয়া আন্দারমানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিটুল মিত্র যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে যান। জেএসসির ২শ শিক্ষার্থীর খাতা নিয়ে দুপুর সাড়ে ১২টায় তিনি কচুয়ার দিকে রওনা হন।

খাতাগুলো মোটরসাইকেলের পেছনে বাঁধা ছিল। যশোরের অভয়নগরের নওয়াপাড়া রেলক্রসিং এর কাছে গিয়ে তিনি পেছন লক্ষ্য করেন খাতাগুলো নেই। তিনি সেখানে খোঁজ করেন এবং যশোরে ফিরে আসেন। বিষয়টি তিনি তাৎক্ষণিক যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্রকে জানান। পরে তিনি কোতোয়ালি থানায় গিয়ে একটি জিডি করেন। জিডি নম্বর ১০৫০। তারিখ ১৮.১১.২০১৭।

শিক্ষক পিটুল মিত্র জানান, তিনি অনেক স্থানে খোঁজ করেছেন কিন্তু খাতা না পেয়ে বোর্ডে আসেন এবং থানায় জিডি করেন। এ দিকে সদ্য শেষ হওয়া জেএসসির ২শ খাতা হারিয়ে যাওয়ার খবরে তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ ও বোর্ডের কর্মকর্তারা খাতা উদ্ধারে চেষ্টা করতে থাকেন। এরই মধ্যে রোববার দুপুরে ওই খাতা নিয়ে হাজির হন ট্রাক হেলপার সাইফুল ইসলাম।

পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, ওই খাতাগুলো নওয়াপাড়া ট্রাক স্ট্যান্ড এলাকায় ছোট ছেলেরা নিয়ে দেখছিল। চালকের পরামর্শে ট্রাক হেলপার খাতাগুলো তাদের কাছ থেকে নিয়ে ঝিনাইদহ যাওয়ার পথে বোর্ডে দিয়ে যায়। বোর্ড চেয়ারম্যানসহ আমি উপস্থিত থেকে উত্তরপত্র গ্রহণ করেছি।

মিলন রহমান/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।