বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ১৯ নভেম্বর ২০১৭

যশোরের চৌগাছায় বাল্যবিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ঋতুবর্ণা (১৪) নামে এক স্কুলছাত্রী অপহৃত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার সকালে চৌগাছা উপজেলার জগন্নাথপুর দক্ষিণপাড়া গ্রামের বাড়ি থেকে প্রাইভেট পড়ার জন্য বের হলে তাকে অপহরণ করা হয় বলে পরিবারের অভিযোগ। অপহৃত ঋতুবর্ণা ওই গ্রামের বনি ইয়ামিনের মেয়ে ও মুক্তিনগর শহীদ সরণি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

অপহৃত ঋতুর মায়ের অভিযোগ, বেশ কিছুদিন ধরে তার মেয়েকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করত পার্শ্ববর্তী জাহাঙ্গীরপুর গ্রামের ইয়াকুবের ছেলে নাজিম।

একপর্যায়ে বিয়ের প্রস্তাবও পাঠায় নাজিম। কিন্তু নাবালিকা মেয়ের বিয়েতে রাজি হইনি। রোববার সকালে বাড়ি থেকে স্কুলে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বের হয় মেয়েটি।

এ সময় বাড়ির সামনে থেকে নাজিম ও তার সহোদর জহুরুল ও অজ্ঞাত ২/৩ জনসহ ঋতুবর্ণাকে তুলে নিয়ে যায়। মেয়ের সন্ধান না পেয়ে নাজিম ও তার সহোদর জহুরুল, বাবা ইয়াকুব ও চাচা ইয়াসিন আলীর নাম উল্লেখসহ চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেছি।

স্কুলের প্রধান শিক্ষক শাহাজান আলী বলেন, মেয়েটি আমার স্কুল থেকে এবার জেএসসি পরীক্ষার্থী থাকলেও পরীক্ষায় অংশ নেয়নি।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস পারভিন বলেন, মেয়েটির মা আমাকে ফোন করেছিলেন। আমি তাকে থানায় অভিযোগ করতে বলেছি।

বিয়ষটি নিশ্চিত করে চৌগাছা থানা পুলিশের ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।

মিলন রহমান/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।