নারায়ণগঞ্জে বস্তিতে আগুন : আহত ১৫


প্রকাশিত: ০৩:৪৭ এএম, ০৩ জুলাই ২০১৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে পুড়ে গেছে একটি বস্তির অন্তত প্রায় ৪০ ঘর। আগুন নেভাতে গিয়ে এবং ঘর থেকে বের হওয়ার সময় আহত হয়েছেন অন্তত প্রায় ১৫ জন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ফতুল্লায় মেঘনা ডিপো সংলগ্ন ঋষিপাড়া বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থরা জানান, রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। বাঁশের বেড়া দিয়ে তৈরি কাঁচা ও আধাপাকা ঘরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।ওই সময় বেশিরভাগ মানুষ ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুন লাগার পর দ্রুত তারা ঘর থেকে বের হলেও আসবাবপত্র কিছুই রক্ষা করতে পারেননি। আগুনে পুড়ে যায় বস্তির শংকর, বরুণ, বিশু, নারায়ণ, রবি, সীমা রানী, নিমাই, ববিতাসহ প্রায় ৪০জনের বসত ঘর। ক্ষতিগ্রস্থ হয় আরো বেশ কয়েকটি ঘর।

 
অগ্নিকাণ্ডের পর প্রায় দেড় ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা সড়কে যান চলাচল বন্ধ ছিল।
 
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মমতাজ হোসেন জাগো নিউজকে জানান, তাদের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সব বস্তির ঘর পুড়ে যায়। বাঁশের বেড়া দিয়ে ঘর তৈরি হওয়ায় দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত তদন্তের আগে বলা যাচ্ছে না।



এদিকে সরকারি প্রতিষ্ঠান জ্বালানি খনিজ সম্পদ মেঘনা ডিপোর পাশে বস্তি গড়ে উঠায় আতঙ্কিত ডিপো কর্তৃপক্ষ। আর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য তেলের ডিপো রক্ষা পায়।  

মো.শাহাদাৎ হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।