ফতুল্লায় পানিতে ডুবে ২ স্কুলছাত্রের মৃত্যু
নারায়ণগঞ্জ ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে কাশিপুর-ডিক্রীরচর এলাকার এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, ফতুল্লার পশ্চিম দেওভোগ বাংলাবাজার এলাকার মামুন মিয়ার ছেলে সৌরভ (১৩) ও একই এলাকার সেন্টু মিয়ার ছেলে আলিফ (১২)। তারা দুজনেই দেওভোগ হাজী উজির আলী স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
নিহত আলিফের পিতা সেন্টু মিয়া মুঠো ফোনে জাগো নিউজকে জানান, সৌরভ ও আলিফ দুজনেই রোজা ছিলেন। প্রতিদিন বাসায় এসে হাবিব নামে এক শিক্ষক তাদের দু’জনকে আরবি পড়ায়। ওই শিক্ষক হাবিব তাদের দু’জনকে গোসল করার জন্য দুপুরে বাসা থেকে ডেকে বুড়িগঙ্গায় নিয়ে যায়।
গোসল করার একপর্যায়ে তারা দুজন ডুবে যায়। এ সময় শিক্ষক হাবিব তাদের দু`জনকে খুঁজে না পেয়ে পালিয়ে যায়। পরে লোকজন এসে বাড়িতে খবর জানালে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে বাসায় নিয়ে আসা হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোসলেম আলী শেখ জানান, এ ব্যাপারে থানায় কিছু জানানো হয়নি।
শাহাদাৎ হোসেন/এআরএ/আরআই