রূপগঞ্জে ৪ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চার মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ছাতিয়ান এলাকার ছলিম উদ্দিনের ছেলে ফারুক হোসেন, মর্তুজাবাদ এলাকার হাফিজুল্লাহর ছেলে হাবিবুর রহমান, পিতলগঞ্জ এলাকার আইয়ুব হোসেনের ছেলে আব্দুল আজিজ ও পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার ফাউসা এলাকার জামান মিয়ার ছেলে জোনায়েত হোসেন।
রূপগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজিম উদ্দিন জানান, সকালে ২০পিস ইয়াবাসহ ওই চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটকরা উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে সংবাদ ছিল। দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
মীর আব্দুল আলীম/এআরএ/পিআর