বিকাশ কর্মীর ৯ লাখ টাকা ছিনতাই!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৩:৫৫ এএম, ০৪ ডিসেম্বর ২০১৭
প্রতীকী ছবি

যশোরে বিকাশ কর্মীর কপালে পিস্তল ঠেকিয়ে মারধর করে ৯ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকেলে সদর উপজেলার ক্ষিতিবদিয়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বিকাশ কর্মী আবু সাঈদকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবু সাঈদ সদর উপজেলার আরিচপুর গ্রামের আবদুল খালেকের ছেলে।

এ ঘটনায় রাতে ৬/৭ জনকে অজ্ঞাত আসামি করে কোতয়ালি মডেল থানায় অভিযোগ করেছেন বিকাশ লিমিটেডের ডিস্ট্রিবিউটর জেন ইন্টারন্যাশনাল যশোর অফিসের এক্সিকিউটিভ নারায়ণ মজুমদার।

তবে যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আদৌ ছিনতাই হয়েছে কিনা। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া যায়নি।

এজাহারে উল্লেখ করা হয়েছে, রোববার বিকেল ৪টার দিকে সদর উপজেলার ক্যান্টনমেন্ট সংলগ্ন কলাবাগান এলাকা থেকে ৯ লাখ ৪০ হাজার ৫শ টাকা কালেকশন করে অফিসের উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন নারায়ণ মজুমদার, ডিএসও আবু সাঈদ ও টিএমও মাহাবুবুর রহমান।

পথিমধ্যে ক্ষিতিবদিয়া রেলক্রসিং পার হয়ে যশোর-ঝিনাইদহ মহাসড়কে উঠলে অজ্ঞাত পরিচয়ের ৬/৭ জন দুর্বৃত্ত পথরোধ করে। দুর্বৃত্তরা প্রথমে আবু সাঈদের মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। এরপর তাদের একজন আবু সাঈদের কপালে পিস্তল ধরে। অপর এক দুর্বৃত্ত আবু সাঈদকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জমখ করে।

এক পর্যায়ে আবু সাঈদের কাছে থাকা ব্যাগ ভর্তি ৯ লাখ ৪০ হাজার ৫শ টাকা কেড়ে নেয় দুর্বৃত্তরা। সহকর্মী মাহাবুবুর রহমান ও নারায়ণ মজুমদার দুর্বৃত্তদের গতিরোধের চেষ্টা করলে গুলি করার ভয় দেখিয়ে চুড়ামনকাটির দিকে পালিয়ে যায়।

মিলন রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।