পেঁচারদ্বীপে সরকারি জমি ভরাট বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:৫৪ এএম, ১৬ ডিসেম্বর ২০১৭

কক্সবাজারের রামুর সমুদ্রতীরবর্তী পেঁচারদ্বীপ রেজু খালে শক্তিশালী ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে সরকারি জমি ভরাট কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। শুক্রবার রামু উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথ অভিযান চালিয়ে এ কাজ বন্ধ করে দেয়।

অভিযানের নেতৃত্ব দেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান মিয়া ও পরিবেশ অধিদফতর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল আশরাব।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, রামু উপজেলার দক্ষিণ সীমান্ত মেরিন ড্রাইভ লাগোয়া পেচারদ্বীপ এলাকায় মীর আক্তার হোসেন লি. নামের একটি প্রতিষ্ঠান শক্তিশালী ড্রেজার বসিয়ে পার্শ্ববর্তী রেজু খাল থেকে বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। উত্তোলিত এ বালু দিয়ে মারমেইড ইকো-রিসোর্ট কর্তৃপক্ষ সরকারি জমি অবৈধভাবে ভরাট করছে। ইতোমধ্যে প্রায় দুই একর সরকারি খাস জমি ভরাট করেছে তারা।

বিষয়টি নজরে আসার পর জেলা প্রশাসকের নির্দেশে রামু উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথ অভিযান চালায়। অভিযানকালে প্রতি ঘণ্টায় ৫০০ সিএফটি বালু উত্তোলন ক্ষমতা সম্পন্ন একটি ড্রেজার জব্দ করা হয়।

পরিবেশ অধিদফতর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল আশরাব বলেন, রেজু খালের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে ভরাট কাজে পরিবেশ অধিদফতরের কোনো অনুমতি নেয়া হয়নি।

বালু দিয়ে বিচ ভরাট করার কারণে কাছিম চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং রেজু খাল থেকে বালু উত্তোলনের কারণে নদীর পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। যা পরিবেশ সংরক্ষণ আইনে শাস্তিযোগ্য অপরাধ বলে জানান তিনি।

অভিযোগ প্রসঙ্গে মীর আক্তার হোসেন লি. এর পক্ষে প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌ-বাহিনীর অনুমতি নিয়ে আমরা কাজ করছি। তাই এটি কোনোভাবে অবৈধ নয়।

কিন্তু চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম বলেন, রেজু নদী থেকে এভাবে বালু উত্তোলন করে সরকারি জমি ভরাট করার অনুমতি আমরা কাউকে দিইনি।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান মিয়া বলেন, এভাবে খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিচ এলাকায় সরকারি জমি ভরাট করা শাস্তিযোগ্য অপরাধ। তাই প্রাথমিক ভাবে কাজ বন্ধ করে ওই এলাকায় সরকারি সাইনবোর্ড পুঁতে দেয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।