কুমিল্লায় ডাকাত সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা


প্রকাশিত: ০৩:০২ পিএম, ১৪ জুলাই ২০১৫

কুমিল্লার মুরাদনগরে ডাকাত সন্দেহে উত্তেজিত গ্রামবাসী সামছুদ্দিন মনির নামের এক যুবককে হাত-পা বেঁধে ও পায়ের রগ কেটে পিটিয়ে হত্যা করেছেন। মঙ্গলবার ভোর রাতে মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামে এ নির্মম ঘটনা ঘটেছে। নিহত ওই যুবক একই গ্রামের মোছলেহ উদ্দিন সরকারের ছেলে। দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সামছুদ্দিন মনির মঙ্গলবার ভোরে কাজিয়াতল গ্রামের ট্রাভেলস ব্যবসায়ী মোহাম্মদ আলীর বাড়িতে প্রবেশ করে ডাকাতির চেষ্টা চালান। এসময় মোহাম্মদ আলীর ছোট ভাই ময়নাল হোসেন ডাকাত বলে চিৎকার করনে। এক পর্যায়ে মসজিদের মাইকে ডাকাত ধরা পড়ছে বলে ঘোষণা দিলে উত্তেজিত জনতা জড়ো হয়ে সামছুদ্দিন মনিরকে পিটিয়ে আহত করেন। খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) সামছুল আলমসহ একদল পুলিশ গ্রামবাসীর সহযোগিতায় আহত সামছুদ্দিন মনিরকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

তবে নিহত মনিরের বাবা মোছলেহ উদ্দিন সরকার অভিযোগ করে বলেন, ডাকাত ঘোষণা দিয়ে পরিকল্পিতভাবে আমার ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ছেলে নিহতের ঘটনায় তিনি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। অপর দিকে নিহত মনিরকে ডাকাত হিসেবে অভিহিত করে ডাকাতির চেষ্টার অভিযোগ এনে মোহাম্মদ আলীর ভাই ময়নাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জাগো নিউজকে জানান, কোন অবস্থার প্রেক্ষিতে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে ওই যুবককে পিটিয়ে হত্যা করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

মো. কামাল উদ্দিন/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।