প্রবাসীর ঘরে নানি-নাতির মরদেহ
সিদ্ধিরগঞ্জে নিখোঁজের ৬ দিন পর নানি-নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃস্পতিবার বেলা ১১টায় নাসিক ১নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যপাড়ার ইতালী প্রবাসী তোফাজ্জলের বাড়ির তালাবদ্ধ কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, নানি পারভীন আক্তার (৫০) ও নাতী মেহেদী হাসান (৯)। পারভীন আক্তার ওই বাড়ির কেয়ারটেকার ছিল বলে জানিয়েছে পুলিশ ও এলাকাবাসী।
সকালে ওই তালাবদ্ধ কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে জামাতা নবী আউয়াল ও এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানার এসআই নাসির উদ্দিন গিয়ে তালা ভেঙে মরদেহ দুটি উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত পারভীন আক্তারের জামাতা নবী আউয়ালকে আটক করেছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার জানান, গত বছরের ৩০ ডিসেম্বর সকাল থেকে ওই নানি-নাতি নিখোঁজ ছিল। ৩ জানুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় নিহত মেহেদীর বাবা নবী আউয়াল বাদী হয়ে একটি সাধারণ ডায়রি করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১শ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন জানান, জামাতা নবী আওয়াল নিজেই হত্যার সংবাদ দিয়েছেন। যেহেতু সে প্রথমে সংবাদ দিয়েছে, তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
হোসেন চিশতী সিপলু/এফএ/আরআইপি