যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা : ইউপি সদস্য আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বালু ভরাটকে কেন্দ্র করে যুবলীগ কর্মী মোহাম্মদ আলীকে (৩০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডের ঘটনায় ইউপি সদস্য মোশারফ হোসেনসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১২টায় উপজেলার পিরোজপুর এলাকা থেকে বাড়ি ফেরার সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারপাড় এলাকার মৃত আরজন আলীর ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেনের ভাগিনা।
এছাড়া আটক মোশারফ হোসেন পিরোজপুর ইউপি সদস্য ও ইউপির সেচ্ছাসেককলীগের সভাপতি। তবে বাকি ৫ জনের নাম এখনো পাওয়া যায়নি।
সোনারগাঁও থানার ইনস্পেক্টর (অপারেশন) আব্দুল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নে নুরালীর ইউনিক গ্রুপে বালু ভরাটকে কেন্দ্র করে যুবলীগ নেতা জাকির হোসেন ও ইউপি সদস্য মোশারফ বাহিনীর মধ্যে বিরোধ চলে আসছিল।
বুধবার রাত সাড়ে ১২টায় যুবলীগ নেতা জাকিরের ভাগিনা যুবলীগ কর্মী মোহাম্মদ আলী উক্ত প্লট থেকে বাড়ি ফেরার সময় পূর্বপরিকল্পিত ভাবে ইউপি সদস্য মোশারফসহ তার বাহিনীর লোকজন পথরোধ করে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে রাত আড়াইটার দিকে মোহাম্মদ আলী মারা যান।
শাহাদাৎ হোসেন/এফএ/পিআর