কোরআন অবমাননা, গ্রেফতার হাসান রিমান্ডে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ১৪ জানুয়ারি ২০১৮

নারায়ণগঞ্জ সদরে ফেসবুকে কোরআন অবমাননার অভিযোগে গ্রেফতার হাসান-উল ইসলামকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

রোববার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে রিমান্ড শুনানি শেষে তার ৫ দিনের রিমান্ড করা মঞ্জুর হয়।

এর আগে শনিবার সকালে সোনারগাঁয়ের মেঘনা ঘাট এলাকা থেকে হাসানকে গ্রেফতার করে পুলিশ। তিনি ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে। তাকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজি এনামুল জানান, কোরআন অবমাননাকারী হাসান-উল ইসলামকে গ্রেফতারের পর রোববার ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। হাসানকে আদালতে হাজির করা হলে আদালতপাড়ায় হাসানের ফাঁসির দাবিতে শতাধিক মুসল্লি স্লোগান দিলে তাদের শান্ত করা হয়।

প্রসঙ্গত, সম্প্রতি হাসান-উল ইসলাম তার নামে ফেসবুক আইডিতে কোরআন শরিফ অবমাননা করে কয়েকটি ছবি পোস্ট করেন। এতে ছবিটি ফেসবুকে ভাইরাল হয়।

এ নিয়ে ফতুল্লায় তোলপাড় সৃষ্টি হলে স্থানীয় মসজিদের ইমামরা শুক্রবার জুমার নামাজ শেষে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেন।

এতে বিভিন্ন এলাকার কয়েক হাজার মুসলমান স্থানীয় একটি মাঠে ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভ করেন। পরে বিক্ষোভ সমাবেশে মুসল্লিদের শান্ত করা হয়। এর পর হাসান-উল ইসলামের বড় ভাই হেদায়েত-উল ইসলামকে আটক করে পুলিশ।

শাহাদাত/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।