নারায়ণগঞ্জে লুটের টাকা ও মোবাইলসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি করে মোবাইল ও নগদ টাকা লুটের ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১১টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ও নগদ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।
শনিবার রাতে রাজধানীর ঢাকা স্টেডিয়াম মার্কেট থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার দুপুরে গ্রেফতারদের ১০ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ন কবীরের আদালতে পাঠানো হলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
গ্রেফতাররা হলেন- রাঙ্গামাটি জেলার চাইল্যাতলী এলাকার মো. শামসুল আলমের ছেলে মো. দুলাল মিয়া (২৮), মুন্সিগঞ্জ জেলার পানহাট এলাকার মো. মোসলেমের ছেলে মো. শামীম (৩০) ও মো. আব্দুল কাদির (৩৮) খুলনা জেলার পি/৬ হাউজিং এলাকার নুরুল হকের ছেলে।
ডিবি উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাকাতি হওয়া ১১টি মোবাইলসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা জন্য ৩ দিনের রিমান্ডে আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ডাকাত শরীফের কাছে থেকে ডাকাতি হওয়া মালামাল ক্রয় করতেন তারা।
প্রসঙ্গত, গত ২৬ জুলাই রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেটের কাপড় ব্যবসায়ী নাঈম আল মাসুদকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ি গতিরোধ করে তার সঙ্গে থাকা মোবাইল, ল্যাপটপ ও নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়। এ ঘটনায় নাঈম আল মাসুদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন।
শাহাদাত হোসেন/এএম/আইআই