ডুলাহাজারা সাফারি পার্কে বাঘ আতঙ্ক
কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের খাঁচা থেকে পালিয়ে গেছে একটি বাঘ শাবক। শাবকটি নিরাপত্তা বেষ্টনি এলাকার ঝোঁপের মধ্যে লুকিয়ে থাকায় গত তিনদিনেও খোঁজে পাওয়া যায়নি। ফলে ঘটনাটি জানাজানির পর থেকে পার্কে আসা পর্যটক-দশনার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এতে গত কয়েকদিন থেকে পার্কে দর্শনার্থীর সংখ্যায় ভাটা পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুক্রবার সকালে বেষ্টনির খাঁচা থেকে বাঘ শাবকটি বেরিয়ে বেস্টনিতে গেলেও ভয়ের কিছু নেই বলে উল্লেখ করেছে পার্ক সংশ্লিষ্টরা।
পার্ক সূত্র জানায়, শুক্রবার সকালের দিকে সাফারি পার্কের বাঘের বেষ্টনির ভেতরের খাঁচা পরিষ্কার করতে ঢুকে সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীরা। ওইসময় বেষ্টনির খাঁচার দরজা খোলা পেয়ে দু’বছর বয়সী একটি বাঘ শাবক খাঁচা থেকে বেরিয়ে ঝোঁপঝাড়ে ঢুকে পড়ে।
সাফারি পার্কের বনবিট কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সাফারি পার্কের নিরাপত্তাকর্মীরা নিয়মিত কাজের অংশ হিসেবে শুক্রবার সকালে বেষ্টনির ভেতরে খাঁচা পরিষ্কার করতে ঢুকেন। ওই সময় খাঁচার দরজা খোলা পেয়ে বাঘ শাবকটি বনাঞ্চলের ভেতরে ঢুকে পড়ে।
এতে সাফারি পার্ক দর্শনে আগত পর্যটক-দর্শনার্থী কিংবা এলাকার কারো কোনো ধরনের ভয় কিছু নেই জানিয়ে তিনি বলেন, সাফারি পার্কে সব প্রাণী খোলা থাকে আর দর্শনার্থীরা নিরাপদ দূরত্বে তা পরিদর্শন করে। নিয়মানুসারে বাঘও নিজস্ব বেষ্টনিতে ছাড়া হয় তারা ঘুরে ফিরে আবার খাঁচায় ফিরে আসে।
সায়ীদ আলমগীর/এমএএস/আরআইপি