৯ বছরে যে উন্নয়ন হয়েছে তা ৫০ বছরেও হয়নি : রেলমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২০ জানুয়ারি ২০১৮

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে স্কুল, কলেজ, মাদরাসা, ব্রিজ-কালভার্টসহ সবক্ষেত্রে দেশের উন্নয়ন হয়। কিন্তু বিএনপি-জামায়াত দেশের কোনো উন্নয়ন চায় না। তারা শুধু লুটপাট করতে জানে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন চায় না বলেই সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের গত ৯ বছরে দেশে রেলওয়ের যে উন্নয়ন হয়েছে তা গত ৫০ বছরেও হয়নি। দেশের প্রতিটি জেলা রেলওয়ের যোগাযোগের আওতায় আনার কাজ চালিয়ে যাচ্ছে সরকার।

শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন রেলমন্ত্রী।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জিএম মীর হোসেন মীরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈন উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আকতার, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী প্রমুখ।

মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।