প্রাণিজ সম্পদ উন্নয়নে কাজ করছে সরকার : প্রাণিসম্পদমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:১২ পিএম, ২৩ জানুয়ারি ২০১৮

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, বর্তমান সরকার সামগ্রিকভাবে দেশের উন্নয়ন করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে এবং আগামীতে উন্নত একটি রাষ্ট্র হিসেবে পরিণত হবে।

তিনি বলেন, ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপিত হবে। দেশ স্বাধীন না হলে আমরা কলোনির মতো হয়ে যেতাম। বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছেন। তাই আমাদের ইতিহাস-ঐতিহ্য ধরে রাখতে হবে। সরকার আসে সরকার যায়। বিগত সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার বেশি উন্নয়ন করেছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আমিনপুর মাঠে প্রাণিজ সম্পদ অধিদফতরের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, প্রাণিজ সম্পদ মন্ত্রণালয় দুটি লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। একটি হলো দুধের যোগান দেয়া, অন্যটি হলো মাংসের যোগান দেয়া। দেশের প্রতিটি জেলা ও উপজেলায় প্রাণিজ সম্পদ বৃদ্ধি করতে সরকার কাজ করছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত সংসদ সদস্য হোসনে আরা বাবলি, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াছি উদ্দিন, মহাপরিচালক আইনুল হক, সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম প্রমুখ।

মো. শাহাদাত হোসেন/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।