কঙ্কালের হাতে ঘড়ি দেখে স্বামীকে চিনলেন স্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১০:০২ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৮

 

কুমিল্লার লাকসাম উপজেলার পোলাইয়া গ্রামের একটি খালে মাছ ধরার সময় মানুষের মাথার খুলিসহ ৪১টি হাড় পেয়েছেন জেলেরা। সোমবার হাড়গুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার লাকসাম উপজেলার পোলাইয়া গ্রামের একটি খালে মাছ ধরতে যায় জেলেরা। এ সময় মানুষের মাথার খুলিসহ বেশ কয়েকটি হাড় দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি মাথার খুলিসহ সর্বমোট ৪১টি হাড় উদ্ধার করে। উদ্ধার হওয়া হাড় ও খুলির সঙ্গে একটি হাতঘড়ি ও মাছ ধরার জাল পাওয়া যায়।

এদিকে, হাড় ও খুলির সঙ্গে হাতঘড়ি এবং জাল দেখে ওই গ্রামের বাসিন্দা হারিছা বেগম উদ্ধার হওয়া হাড়গুলো তার স্বামী জসিম উদ্দিনের বলে দাবি করেছেন।

হারিছা বেগম জানান, গত বছরের জুলাই মাসে তার স্বামী জসিম উদ্দিন নিখোঁজ হয়। এ ঘটনায় নিখোঁজ জসিম উদ্দিনের সন্ধান চেয়ে স্ত্রী হারিছা বেগম ওই বছরের ৩০ জুলাই লাকসাম থানায় একটি জিডি করেন।

লাকসাম থানা পুলিশের ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে উদ্ধারকৃত হাড়ের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। স্থানীয় হারিছা বেগম এ কঙ্কাল তার স্বামীর বলে দাবি করেছে। এ ঘটনায় তদন্ত চলছে। আশা করি এর প্রকৃত রহস্য উদঘাটিত হবে।

মো. কামাল উদ্দিন/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।