আ.লীগের কারো সঙ্গে যুদ্ধ করার ইচ্ছে নেই : পরিকল্পনামন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৮

পরিকল্পনামন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, আওয়ামী লীগের কোনো অসৎ উদ্দেশ্য নেই। তাদের কারো সঙ্গে যুদ্ধ করার ইচ্ছে নেই। শুধু ৮ ফেব্রুয়ারি নয়, আজ থেকে আগামী নির্বাচন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগসহ ১৪ দলের সকল অঙ্গ সংগঠন মাঠে থাকবে। আমাদের ভালো কাজের জন্যই এদেশের মানুষ আওয়ামী লীগকে বার বার ভোট দিয়ে ক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছেন। আগামী নির্বাচনেও এ দেশের সর্বস্তরের মানুষ আওয়ামী লীগের নৌকায় ভোট দিয়ে তাদের সেবা ও উন্নয়ন করা সুযোগ করে দিবেন।

মঙ্গলবার নগরীর টাউন হলের মুক্তিযোদ্ধা কর্ণারে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগের সদস্য সংগ্রহের জন্য সবাইকে উৎসাহিত করতে হবে। দলীয় নেতাকর্মীদের প্রত্যেককেই ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে। কমিটিতে যারা থাকবেন তাদেরকে দলের প্রতিটি সভায় অংশগ্রহণ করতে হবে। সাংগঠনিক পদে থেকে কেউ যদি পরপর ৩টি বা ৫টি সভায় অনুপস্থিত থাকেন, তাহলে তাকে বাদ দিয়ে নতুন কাউকে সে পদে দায়িত্ব দেয়া হবে।

পরিকল্পনামন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল এমপির সভাপতিত্বে ওই বর্ধিত সভায় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এমপি, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের প্রমুখ।

কামাল উদ্দিন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।