কুমিল্লায় ৪টি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৮

বিনা লাইসেন্স, অনিয়ম-অব্যস্থাপনা, জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি, ভুয়া চিকিৎসক দিয়ে প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে বুধবার দুপুরে জেলার চান্দিনার দোল্লাই নবাবপুর এলাকার ৪টি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে সিলগালা করে দিয়েছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন টিমের সদস্যরা।

এছাড়া টাওয়ার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে সামশিয়া সাবরীন নামের এক ভুয়া ডাক্তার অপর ডাক্তারের সনদ জালিয়াতি করে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিল। এসময় পরিদর্শন টিমের উপস্থিতি টের পেয়ে ভুয়া ডাক্তার সামশিয়া সাবরীন কর্মস্থল থেকে পালিয়ে যান।

জানা যায়, দীর্ঘদিন ধরে চান্দিনার দোল্লাই নবাবপুর এলাকার টাওয়ার হাসপাতাল অ্যান্ড ডিজিটিাল ডায়াগনস্টিক সেন্টার (লাইসেন্সবিহীন), মা ডায়াগনস্টিক সেন্টার, ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার এবং সরকার ডায়াগনস্টিক সেন্টার (লাইসেন্সবিহীন) অবৈধ ও নানা অব্যবস্থাপনার মাধ্যমে ব্যবসা করে আসছিল। এসব প্রতিষ্ঠানে দক্ষ প্যাথলজিস্ট, পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামাদি ও ডাক্তার নেই।

বুধবার দুপুরে কুমিল্লার সিভিল সার্জন ডা. মজিবুর রহমানের নেতৃত্বে একটি পরিদর্শন টিম আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব প্রতিষ্ঠান সিলগালা করে দেন। এ সময় পরিদর্শন টিমের উপস্থিতি টের পেয়ে টাওয়ার হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার থেকে সামশিয়া সাবরীন নামের একজন ভুয়া নারী ডাক্তার পালিয়ে যায়।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. মজিবুর রহমান জানান, ৪টি প্রতিষ্ঠানের মধ্যে ২টির লাইসেন্স না থাকায় এবং অপর ২টির লাইসেন্স থাকলেও অনিয়ম-অব্যবস্থাপনার মাধ্যমে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়ায় সিলগালা করে দেয়া হয়েছে।

এছাড়া পালিয়ে যাওয়া ডাক্তারকে আগামীকাল বৃস্পতিবার প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে সিভিল সার্জন কার্যালয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

কামাল উদ্দিন/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।