সেই রুমা অবশেষে পুলিশের জালে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:১১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

আদমপাচার ও প্রতারণায় অভিযুক্ত কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালার রুমা শর্মা অবশেষে পুলিশের জালে আটক হয়েছেন। শুক্রবার বেলা ১টার দিকে রুমার নিজ বাড়ি থেকে রামু থানার এসআই ছানাউল্লাহর নেতৃত্বে পুলিশ তাকে আটক করে। রুমা শর্মা জোয়ারিয়ানালা গ্রামের মনোহরী শর্মা প্রকাশ দুলালের স্ত্রী।

এসআই ছানাউল্লাহ জানান, রুমা শর্মা লন্ডনে চাকরি দেয়ার নামে প্রতারণা করে বেশকিছু লোকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এসব বিষয়ে তার বিরুদ্ধে আদালতের পরোয়ানা রয়েছে (সিআর ৩৪২)।

স্থানীয় সূত্র জানায়, রুমা শর্মার এক ছেলে একসময় লন্ডন প্রবাসী ছিলেন। রুমা তার ছেলেকে পুঁজি করে লন্ডন-ইউরোপে চাকরি দেয়ার কথা বলে কক্সবাজারের বেশকিছু লোকের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এরমধ্যে তার প্রতারণার শিকার হওয়া চকরিয়ার দক্ষিণ সুরাজপুর গ্রামের নির্মল কান্তি শর্মার ছেলে শংকর কান্তি শর্মা হতে ২০১৫ সালে ৯ লাখ ১২ হাজার টাকা নিয়ে লাপাত্তা হন রুমা। পরে শংকর কান্তি শর্মা রুমাকে প্রধান করে তার ছেলেসহ তিনজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। পরে বিজ্ঞ আদালত ঘটনার অধিকতর নিশ্চিতের জন্য পিবিআইকে তদন্ত দেয়। তদন্তের প্রেক্ষিতে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেন।

রুমা শর্মার প্রতারণার শিকার হওয়া শংকর কান্তি শর্মা বলেন, আমাকে লন্ডনে পাঠানোর কথা বলে তিন বছর আগে ৯ লাখ ১২ হাজার টাকা নিয়ে দীর্ঘদিন এলাকা থেকে আত্মগোপনে চলে যান রুমা। যখন টাকা ফেরত নিতে বিভিন্ন জায়গায় চেষ্টা করি তখন জানতে পারলাম তার ছেলে দেশে চলে এসেছে এবং আমার মতো অনেক লোকজনের কাছ থকে ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তারাও রামু থানায় জিডি করে টাকা উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছে।

পুলিশ কর্মকর্তা এসআই ছানাউল্লাহ জানান, আটক রুমাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

সায়ীদ আলমগীর/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।