উখিয়ায় ২ রোহিঙ্গা খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৫১ এএম, ০৩ মার্চ ২০১৮
ফাইল ছবি

উখিয়ার ডাকাতরা কুতুপালং ক্যাম্পের ৭ রোহিঙ্গাকে অপহরণ করে মুক্তিপণ না দেয়ায় আবু তাহের (৩০) নামে এক যুবককে হত্যা করেছে। এছাড়া থাইংখালী জামতলি বাঘঘোনা কবরস্থান এলাকা থেকে এক রোহিঙ্গা কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে এতে জড়িত ৯ জনকে আটক করেছে। উদ্ধার করেছে অপহৃত বাকি ৬ রোহিঙ্গাকে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কুতুপালং ক্যাম্পে এসে একদল ডাকাত আশ্রিত রোহিঙ্গা রমিজ (১৬), আইয়ুব (১৯), নবী হোসেন (২০), খাইরুল আমিন (২৫), মো. নুর (২৫), আব্দুল আলিম (৩০) ও আবু তাহেরসহ (৩০) সাতজনকে অপহরণ করে কুতুপালং তুর্কি পাহাড় এলাকায় নির্জন স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে বালুখালী ক্যাম্পের হাফিজুর রহমান (১৮) ইউনূছ (১৭) জিয়াবুল মাঝি (২৪) ওয়াইয়া (১৬) মো. সেলিম (২৪) আমির হোসেন (১৯) শফিক (১৬) ও শামসুল আলমকে আটক করা হয়েছে।

উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদ আলম জানান, আটককৃত ৯ ডাকাতের কাছ থেকে দা, ছুরি,লোহার রডসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র পাওয়া গেছে। উদ্ধার করা হয়েছে অপহৃত বাকি ৬ জনকে। এ ব্যাপারে উখিয়া থানায় অপহরণ, হত্যা ও ডাকাতির চেষ্টায় মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে উখিয়া থানা পুলিশ শুক্রবার ভোরে থাইংখালী জামতলি বাঘঘোনা কবরস্থান এলাকা থেকে মনির আহমদের ছেলে মো. হেফজুর রহমান (১৬) নামে এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।