মাদক নির্মূল কমিটির সদস্যকে গলা কেটে হত্যাচেষ্টা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১১ মার্চ ২০১৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয়ায় তুষার হাসান তুহিন নামে মাদক নির্মূল কমিটির এক সদস্যকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা।

শনিবার রাতে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া বিসিক জামদানি শিল্প এলাকায় এ ঘটনা ঘটে। আহত তুষার হাসান তুহিন নোয়াপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে।

আহতের বাবা আমিনুল ইসলাম জানান, নোয়াপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী হৃদয় দীর্ঘদিন ধরে তারাব, বরাব, নোয়াপাড়াসহ আশপাশের এলাকায় ইয়াবা ও ফেনসিডিলের ব্যবসা করে আসছে। তার ছেলে তুষার হাসান তুহিনসহ অন্যান্য মাদক নির্মূল কমিটির সদস্যরা বিভিন্ন সময় হৃদয়ের মাদক বিক্রিতে বাধা দেয়।

শনিবার রাতে তুষার হাসান তুহিন তার ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফেরার পথে নোয়াপাড়া ফয়সালের জামদানির সুতার দোকানের সামনে পৌঁছালে মাদক ব্যবসায়ী হৃদয় তার ওপর হামলা চালায়।

একপর্যায়ে হৃদয়ের হাতে থাকা ধারালো খুর দিয়ে গলাকেটে হত্যার চেষ্টা চালায়। খুরের আঘাতে তুষার হাসান তুহিন মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে মাদক ব্যবসায়ী হৃদয় পালিয়ে যায়।

স্থানীয় লোকজন তুহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় আহতের বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছেন জানিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

মীর আব্দুল আলীম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।