বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক
বেনাপোল কাস্টমস হাউসের ইনভেস্টিগেশন রিসার্স ম্যানেজমেন্ট টিমের (আইআরএমটি) একটি দল শনিবার সকালে বেনাপোল চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করেছে।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে শাড়ি, থ্রিপিস, কসমেটিকস, জুতা, ইমিটেশন জুয়েলারিসহ বিভিন্ন রকম ভারতীয় মালামাল। বাংলাদেশ ও ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা ব্যাগেজ সুবিধায় অতিরিক্ত এসব মালামাল সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশে নিয়ে আসছিল।
প্রতিদিন সকাল ৬টা থেকে শুরু করে বেলা ১১টা পর্যন্ত পাসপোর্টধারী এসব ব্যাগেজ ব্যবসায়ীরা বেনাপোল চেকপোস্ট এলাকায় কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আঁতাত করে এ কারবার চালিয়ে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান কাস্টমস কমিশনারের গঠিত আইআরএমটি দলটি।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের তথ্য থেকে জানা যায়, প্রতিদিন গড়ে ৪ থেকে ৫০০ ভারতীয় পাসপোর্টযাত্রী মাল্টিপুল ভিসায় বাংলাদেশে প্রবেশ করে। যাদের অধিকাংশই ব্যাগেজ ব্যবসার সঙ্গে জড়িত।
বেনাপোল কাস্টমস হাউসের আইআরএমটি দলের রাজস্ব কর্মকর্তা গোলাম মোর্তজা জানান, চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে অভিযান চালিয়ে সকালের দিকে সাময়িক আটকপত্রের (ডিটেনশন মেমো) মাধ্যমে ২২টি পণ্য চালান আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। আটক মালামাল বেনাপোল কাস্টমস হাউসের আটক শাখায় জমা দেয়া হয়েছে।
মোঃ জামাল হোসেন/এএম/জেআইএম