কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৪ পিএম, ২৪ মার্চ ২০১৮

কুমিল্লায় হাজী মোহাম্মদ মনির হোসেন (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিনগত রাত পৌনে ৯টার দিকে তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়।

নিহত হাজী মনির তিতাস উপজেলার ভাটিপাড়া গ্রামের আবদুল মফিজের ছেলে এবং জগতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হাজী মনিরের সঙ্গে স্থানীয় কিছু লোকের দীর্ঘদিন ধরে রাজনৈতিক, গোষ্ঠিগত ও ব্যক্তিগত বিরোধ চলে আসছিল। শনিবার রাতে ভাটিপাড়া গ্রামের স্কুলের সামনে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে সে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দাউদকান্দির গৌরিপুর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিতাস থানার ওসি নুরে আলম জানান, ব্যক্তিগত ও রাজনৈতিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. সাখাওয়াত হোসেন জানান, দুর্বৃত্তরা হাজী মনিরের বুকে কয়েক রাউন্ড গুলি চালিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ এলাকায় অভিযান শুরু করেছে।

মো কামাল উদ্দিন/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।