ফেনীতে ব্র্যান্ড ‘নকল’ করে সেমাই বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ১০ মার্চ ২০২৬

ফেনীতে খোলা অবস্থায় জিলাপি বিক্রি, নিম্নমানের লবণ দিয়ে ইফতার তৈরি ও নকল সেমাই বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) শহরের ট্রাংক রোড ও বড় বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন সংস্থাটির ফেনী কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে শহরের ট্রাংক রোড এলাকার মেসার্স রহমানিয়া রেস্টুরেন্টে খোলা অবস্থায় জিলাপি প্রদর্শন করে বিক্রি ও নিম্নমানের লবণ ব্যবহার করে ইফতার সামগ্রী তৈরির অভিযোগে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বনফুল লাচ্ছা সেমাইয়ের নকল করে তৈরি করা ‘বনফুল লাচ্ছা সেমাই’ প্যাকেটে মেয়াদসহ প্রয়োজনীয় ঘোষণা না থাকা এবং নিম্নমানের পণ্য বিক্রির মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে বড় বাজার এলাকার মেসার্স মোর্শেদ ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একইসময় দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স সোহাগ ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স টিমের সদস্য, জেলা কার্যালয়ের কর্মচারী ও জেলা পুলিশের একটি দল অংশ নেন।

ফেনী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, অভিযানে ভোক্তা অধিকার বিরোধী নানা অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আবদুল্লাহ আল-মামুন/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।