হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যাচেষ্টা
যশোরের চৌগাছায় আশরাফ হোসেন হত্যা মামলার আসামি খাইরুল ইসলাম (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে চৌগাছার ফুলসার কবরস্থানের কাছে হামলার শিকার হন তিনি।
খাইরুল ইসলামের চাচা মীর হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে চৌগাছার ফুলসা বাজার থেকে বাড়ি ফেরার পথে কবরস্থানের কাছে লুকিয়ে থাকা একদল সন্ত্রাসী তার ওপর গুলি চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
গুলিবিদ্ধ খাইরুল যশোর জেনারেল হাসপাতালের কর্মচারী ও চৌগাছার আশরাফ হোসেন হত্যা মামলার আসামি। আশরাফ হোসেন ২০১৫ সালে খুন হন। এ মামলায় তিনি জামিনে ছিলেন।
মীর হোসেনের অভিযোগ, নিহত আশরাফ হোসেনের দুই ছেলে ইসমাইল এবং জহির খাইরুলকে গুলি করেছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ-আল-মামুন জানান, খাইরুলের পেটে গুলি লেগেছে। তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে।
মিলন রহমান/এফএ/এমএস