কুমিল্লায় গ্রেফতার কলেজছাত্র ৩ দিনের রিমান্ডে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ০২ এপ্রিল ২০১৮

কুমিল্লার বুড়িচং ময়নামতির নাজিরা বাজার এলাকায় একটি আবাসিক ভবনে বিস্ফোরণে আহত জেএমবির সদস্য সন্দেহে গ্রেফতার কলেজছাত্র রিয়াদুল হোসেনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির এসআই সহিদুল ইসলামের ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে সোমবার দুপুরে কুমিল্লার ৪নং আমলি আদালতের বিচারক নুরুল আফসার এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জি।

ডিবি সূত্রে জানা যায়, গত ৮ মার্চ রাতে বুড়িচং উপজেলার ময়নামতির ইউনিয়নের নাজিরা বাজার এলাকায় হাজী আবদুল জলিলের বাসার নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এতে এতে অগ্নিদগ্ধ হয় ওই গৃহকর্তার নাতি ও কুমিল্লা সিটি কলেজের ছাত্র রিয়াদুল হোসেন। তিনি চাপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার উলুকনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে রিয়াদুলকে গ্রেফতার করে। এ ঘটনায় পর দিন বুড়িচং থানা পুলিশ বাদী হয়ে রিয়াদুল হোসেনকে আসামি করে মামলা করে। পরে মামলাটি তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির এসআই সহিদুল ইসলাম জানান, কলেজছাত্র রিয়াদুলের সঙ্গে জেএমবির সম্পৃক্ততা থাকতে পারে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

মো. কামাল উদ্দিন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।