চট্টগ্রামে ১ লাখ ৮২ হাজার ইয়াবাসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৩ এএম, ১৩ মার্চ ২০২৬
চট্টগ্রামে ১ লাখ ৮২ হাজার ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে র‍্যাব/ছবি সংগৃহীত

চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ৮২ হাজার ৪০০ ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-৭। এ ঘটনায় পাঁচ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কর্ণফুলী নদীর তীরবর্তী ১৫ নম্বর ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি চক্র মিয়ানমার থেকে সমুদ্রপথে একটি বাল্কহেডে করে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রাম মহানগরের দিকে আসছে। পরে র‍্যাবের একটি আভিযানিক দল বাল্কহেডটির পিছু নেয়।

jagonews24

একপর্যায়ে বাল্কহেডটি পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটে নোঙর করলে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেন।

আটকরা হলেন- চট্টগ্রামের বাকলিয়া এলাকার মো. ইমরান (২১), আনোয়ারা উপজেলার মো. আনিস (২৯) ও মো. আলী (৪৭), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মো. মনির হোসেন (৪৫) এবং লক্ষ্মীপুরের রামগতির মো. রুবেল (২৭)।

jagonews24

পরে বাল্কহেডে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুমে রাখা দুটি প্লাস্টিকের ড্রাম থেকে এক লাখ ৮২ হাজার ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমআরএএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।