রোহিঙ্গাদের সেবায় এমএসএফ ক্লিনিকে প্রসূতি বিভাগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ০৪ এপ্রিল ২০১৮

কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেয়া মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয়দের চিকিৎসা সেবায় অত্যাধুনিক প্রসূতি সেবা চালু করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেডিসিন্স সাইন্স ফ্রন্টিয়ারস (এমএসএফ)। সংস্থাটির চলমান কুতুপালং ক্লিনিকে মঙ্গলবার এ নতুন প্রসূতি বিভাগের উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিকারুজ্জামান।

উখিয়া ইউএনও মো. নিকারুজ্জামান বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকে এমএসএফ স্বাস্থ্যসেবায় উখিয়া অঞ্চলে অগ্রগামী ভূমিকা পালন করছে। বিনামূল্যে সেবার মাঝে প্রসূতির জন্য নতুন এ বিভাগ রোহিঙ্গা ও স্থানীয় হত দরিদ্রদের মাঝেও আশার সঞ্চার করেছে। সংস্থাটির সেবা সম্পর্কে সবার মাঝে ধারণা ছড়াতে কাজ করার আহ্বান জানান তিনি।

এমএসএফের যোগাযোগ কর্মকর্তা মোস্তফা মো. সাজ্জাদ হোসেন জানান, ২০০৯ সাল থেকে কুতুপালং এলাকায় ক্লিনিক করে মানুষকে বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছে সংস্থাটি। প্রয়োজনের তাগিদে চলমান ক্লিনিকের লাগোয়া অধিকতর স্থান নিয়ে অত্যাধুনিকভাবে গড়ে তোলা হয়েছে প্রসূতি বিভাগ। এতে সর্বোচ্চ ২৪ জন গর্ভবতী নারীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। গর্ভাবস্থায় ও প্রসব-পরবর্তী সেবা, পরিবার পরিকল্পনা এবং যৌন নিপীড়নের চিকিৎসাসহ সকলের জন্য উন্মুক্ত ও সম্পূর্ণ বিনামূল্যে সকল সেবার ব্যবস্থা রাখা হয়েছে বিভাগটিতে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ কামাল উদ্দিন। এছাড়া উখিয়া উপজেলার সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিতা কেটে নবনির্মিত প্রসূতি বিভাগের উদ্বোধন করেন।

সায়ীদ আলমগীর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।