তেল পাম্পে জ্বালানি প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান, পেলেন নানা অনিয়ম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:০৭ এএম, ২৮ মার্চ ২০২৬

যশোরে জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা ফেরাতে আকস্মিক ঝটিকা অভিযান চালিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (২৭ মার্চ) রাত প্রায় ৮টার দিকে তিনি শহরের ‘মনির উদ্দিন তেল পাম্প’ ও ‘যাত্রিক তেল পাম্প’ পরিদর্শন করেন।

অভিযানে পাম্প দুটির নথিপত্র ও বিক্রয় প্রক্রিয়ায় নানা অসঙ্গতি ধরা পড়লে প্রতিমন্ত্রী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রতিমন্ত্রীর এই পুরো অভিযানটি তার ভেরিফায়েড ফেসবুক পেজে সরাসরি (লাইভ) সম্প্রচার করা হয়, যা স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সফরসঙ্গীদের সূত্রে জানা যায়, প্রথমে তিনি মনির উদ্দিন তেল পাম্পের গুদাম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করেন। এ সময় পাম্প কর্তৃপক্ষ ও ক্রেতাদের সঙ্গে কথা বলে বিভিন্ন ধরনের অসঙ্গতি লক্ষ্য করেন। তিনি নিজেই প্রতিষ্ঠানের হিসেবের খাতা ও বিভিন্ন ক্যাশ মেমো খতিয়ে দেখেন। অনিয়মের বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে দেন এবং সঠিক নিয়ম মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি পরিদর্শনকালেই অসঙ্গতির বিষয়ে জেলা প্রশাসককে মোবাইল ফোন করে অবগত করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

এরপর তিনি যাত্রিক তেলপাম্পেও একইভাবে পরিদর্শন করেন। সেখানেও কিছু অনিয়ম তার নজরে আসে। উভয় পাম্প কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয় এবং কোনো অবস্থাতেই তেল বিক্রি বন্ধ না করার জন্য নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

মিলন রহমান/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।