ছাত্রাবাসে গলাকাটা মরদেহ ও গুলিবিদ্ধ ছাত্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৩৯ এএম, ০৪ এপ্রিল ২০১৮

কুমিল্লায় সাগর দত্ত নামে এক কলেজ ছাত্রকে গলা কেটে হত্যার পর সহপাঠী সজিবকে গুলি করা হয়েছে। এ ঘটনায় অংশ নেয় দুই সশস্ত্র যুবক। আহত সজিবকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি পুলিশের।

বুধবার ভোরে কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকার পান্থপথ গলির বিএইচ ভূঁইয়া হাউজ ভবনের নিচতলার একটি কক্ষে এ ঘটনা ঘটে। সকাল ৮টার দিকে পুলিশ মরদেহ ও অস্ত্র উদ্ধার করে।

নিহত সাগর কুমিল্লা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং জেলার চান্দিনা উপজেলার চিরাল্লা গ্রামের শংকর দত্তের ছেলে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন ঘাতকদের গ্রেফতারে অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভূঁইয়া হাউজ নামের তিন তলা ভবনের নিচতলার একটি কক্ষে কলেজছাত্র সাগর দত্ত ও সজিব থাকত। এদের মধ্যে সজিবের সঙ্গে এক কলেজছাত্রীর প্রেম ছিল। এ নিয়ে কিছু যুবকের সঙ্গে সজিবের বিরোধ চলে আসছিল। বুধবার ভোরে দুই যুবক অস্ত্রসহ তাদের কক্ষে প্রবেশ করে। তারা প্রথমে সাগরের গলায় ছুরি ধরে মুখে স্কচটেপ লাগিয়ে দেয় এবং সজিবকে মারধর শুরু করে।

এক পর্যায়ে সজিবকে গুলি করার সময় তাকে বাঁচাতে সাগর ধস্তাধস্তি শুরু করে। এ সময় তারা সাগরকে গলা কেটে হত্যা করে এবং সজিবকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে পাশের কক্ষের সহপাঠীরা ওই কক্ষে গিয়ে সজিবকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, প্রেম সংক্রান্ত বিষয়ের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

কামাল উদ্দিন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।