যশোরে গাছ থেকে পড়ে বিদ্যুৎকর্মী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ০৬ এপ্রিল ২০১৮

যশোরে বটগাছ থেকে পড়ে জহুরুল উদ্দিন গাজী (৪৫) নামে বিদ্যুৎ বিভাগের এক লাইনম্যান নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে শহরের ঢাকা রোড বাড়ান্দীপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত লাইনম্যান শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আমিন উদ্দিন গাজীর ছেলে। নিহতের গ্রামের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মটবাড়িয়া গ্রামে। তিনি যশোর শহরের পিডিবির লাইনম্যান হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ভাগ্নে আবু বক্কর সিদ্দিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, অফিসিয়াল কাজে জহুরুল শহরের ঢাকা রোড বাড়ান্দীপাড়া এলাকায় বটগাছের ডাল কাটতে যান। মই লাগিয়ে বটগাছে উঠে ডাল কাটার সময় পায়ের নিচে থেকে মই সরে যায় এবং তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল মল্লিক বলেন, হাসপাতালে আনার আগেই আহত ব্যক্তি মারা গেছেন।

যশোর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) খবির উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

মিলন রহমান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।