মামার হাতে ভাগ্নে খুন
কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে মামার হামলায় ভাগ্নে আবদুর রহমান (৪৫) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন।
সোমবার বেলা ১১টার দিকে ভারুয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডে হামলার এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহমান একই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে। আর আহতদের মাঝে আবদুল গফুরের অপর ছেলে মীর আহমদ, আত্মীয় সাজেদা, রাজু, আরেফা, শাকিল রয়েছে। তাদেরকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানা পুলিশ জানায়, নিহত আবদুর রহমানদের সঙ্গে দীর্ঘদিন ধরে একই একালার মৃত আবদু ছোবাহানের ছেলে আলী আহমদ গংদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারা সম্পর্কে মামা ভাগনে। বিরোধ নিয়ে ইউনিয়ন পরিষদে বিচার চলমান থাকলেও সোমবার বেলা ১১টার দিকে মামা আলী আহম্মদের সঙ্গে এ নিয়ে কথা কাটাকাটি হয় ভাগ্নে আবদুর রহমানের। এক পর্যায়ে মামা আলী আহমদ, আহমদ উল্লাহ, আলী হোসেন, মেহুরুনেচ্ছা, তৈয়বা আক্তারসহ আরও ৪-৫ জন মিলে আবদুর রহমানকে আক্রমণ করে। তারা দা, কোঁদাল ও ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরী কোপায় তাকে। এসময় তার চিৎকারে স্বজনরা এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালায় আলী আহম্মদ গংরা। জখমে আবদুর রহমান মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য শামশুল আলম বলেন, সীমানা বিরোধের জেরে আলী আহম্মদের লোকজন আব্দুর রহমান ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়েছে।
কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দীন খন্দকার জানান, খবর পেয়ে ওসি তদন্ত কামরুল আজম, খাইরুজ্জামান, ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহটি উদ্ধার ও সুরহতাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে বলে জানান ওসি ফরিদ।
সায়ীদ আলমগীর/আরএ/পিআর