কুমিল্লায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:২০ পিএম, ১০ এপ্রিল ২০১৮
ফাইল ছবি

কুমিল্লায় যাত্রীবাহী বাসে পেট্রল বোমা হামলায় ৮ জন যাত্রী নিহতের মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার কুমিল্লার ৫নং আমলি আদালতের বিচারক ও সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ্ এ আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সা’দাত জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেছেন। আমরা তার জামিনের বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করব।

Comilla-khaleda-zia-mamla

আদালত সূত্রে জানা যায়, কুমিল্লার ৫নং আমলি আদালতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাজিরা পরোয়ানা প্রত্যাহার ও জামিনের আবেদন দাখিল করেছিলেন তার আইনজীবীরা। মঙ্গলবার এ আবেদনের শুনানি হয়। খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিতে অংশগ্রহণ করেন ঢাকা থেকে আসা আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এবং কুমিল্লার আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সা’দাত, অ্যাডভোকেট কাইমুল হক রিংকুসহ বিএনপিপন্থী অন্যান্য আইনজীবীরা। আবেদনের শুনানির পর আদালতের বিচারক ও সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ্ বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুরের আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে ২০ দলীয় জোটের টানা অবরোধের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি নৈশ কোচে দুর্বৃত্তরা পেট্রল বোমা ছুড়ে মারে। এতে ওই বাসের ৮ জন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ৬ জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে ৩ জন মারা যান, ৫ জনকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

কামাল উদ্দিন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।