শাহ আমানতে আরও ৫ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
বিমানবন্দর সূত্র জানায়, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা দুটি অ্যারাইভাল ফ্লাইট এবং দুবাইগামী একটি ডিপার্চার ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে।
তবে এদিন বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা চারটি অ্যারাইভাল ফ্লাইট এবং ছয়টি ডিপার্চার ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। অন্যদিকে জেদ্দা, মদিনা ও মাস্কাট রুটের ফ্লাইট পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আজকের পাঁচটি ফ্লাইটসহ এ পর্যন্ত মোট ১০৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
এমআরএএইচ/কেএএ/