কোটা সংস্কারের দাবিতে উত্তাল কুমিল্লা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১১ এপ্রিল ২০১৮

‘৭১ এর হাতিয়ার গর্জে উঠুক আরেক বার’, ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘শেখ হাসিনার বাংলায় কোটা প্রথার ঠাঁই নাই’ এমন স্লোগানে কোটা সংস্কারের দাবিতে বুধবারও মুখরিত ছিল কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর এলাকা।

জানা যায়, সকাল ১০টা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কান্দিরপাড়ে সমবেত হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। দুপুর পৌনে ১২টার দিকে জেলা, পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতা করতে সেখানে উপস্থিত হলেও কোনা সুরাহা হয়নি। কুবি শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় কুমিল্লা ভিক্টোরিয়া, কুমিল্লা সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজের কিছু শিক্ষার্থী।

আন্দোলনের বিষয়ে কুবি শিক্ষার্থী তানভীর, জয়নাল, বিথী ও ফয়সাল জানান, আমাদেরকে একজন মন্ত্রী ‘রাজাকারের সন্তান’ বলেছেন এজন্য মন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এছাড়াও কোটা সংস্কারের বিষয়ে প্রাধানমন্ত্রীর ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

দুপুর সাড়ে ১২টার দিকে কান্দিরপাড় টাউন হলের মুক্তমঞ্চে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল বৈঠক করে। সেখানে উপস্থিত ছিলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এমরান কবির চৌধুরী, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন ও কোতয়ালি মডেল থানার ওসি আবু ছালাম মিয়া।

কামাল উদ্দিন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।