সেন্টমার্টিনে সাড়ে ৩১ কোটি টাকার ইয়াবা জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ১২ এপ্রিল ২০১৮

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন থেকে পৃথক অভিযান চালিয়ে ৬ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। এর মধ্যে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের অদূরে সমুদ্রে ধাওয়া করে ধরা ট্রলার থেকে তিন লাখ ইয়াবা জব্দ করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, সাগরে একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক হলে তল্লাশির উদ্দেশ্যে ধাওয়া করা হয়। ওই সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারের মাঝি-মাল্লা তিনটি বস্তা পানিতে ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ওই তিন বস্তা থেকে তিন লাখ ইয়াবা পিস উদ্ধার করা হয়।

এর আগে বুধবার রাত ৮টায় গোপন সংবাদে ভিত্তিতে সাবরাং ইউপির শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকা হতে একটি কাঠের নৌকা থেকে বস্তায় লুকায়িত তিন লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। দুটি অভিযানে জব্দ করা ইয়াবার মূল্য ৩১ কোটি ৫০ লাখ টাকা বলে দাবি করেছেন কোস্টগার্ড সদস্যরা।

বৃহস্পতিবার বিকেল ৪টায় কোস্টগার্ড পূর্ব জোনের লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সায়ীদ আলমগীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।