বউভাতে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, কনের বোনসহ আহত ১৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ২৫ মার্চ ২০২৬
এআই দিয়ে নির্মিত প্রতীকী ছবি

নেত্রকোনার মোহনগঞ্জে বউভাতের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় কনেপক্ষের সঙ্গে বরপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে কনের ছোট বোনসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের উতিয়ারকোণা গ্রামে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (২৩ মার্চ) উতিয়ারকোণা গ্রামের সবুজ মিয়ার ছেলে কাওছার মিয়ার (২২) সঙ্গে পাশের মেদী পাথরকাটা গ্রামের আব্দুল হেকিমের মেয়ের বিয়ে হয়। মঙ্গলবার বিকেলে বরের বাড়ি উতিয়ারকোণা গ্রামে বউভাতের অনুষ্ঠানে দাওয়াত খেতে যান কনেপক্ষের লোকজন।

এসময় কনেপক্ষের লোকজন প্লেটে মাংস কম দেওয়া ও ভাতে দুর্গন্ধের অভিযোগ তোলেন। এ নিয়ে কনেপক্ষের সঙ্গে বরপক্ষের লোকজনের কথা-কাটাকাটি এবং একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে কনের ছোট বোনসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

এ ঘটনায় বুধবার (২৫ মার্চ) আক্ষেপ করে বরের বাবা সবুজ মিয়া বলেন, ‘এক লাখ ৪০ হাজার টাকা খরচ করে আমার ছেলের বউভাতের অনুষ্ঠানের আয়োজন করেছি। অনুষ্ঠান চলাকালে খাবার খেতে বসে কনেবাড়ির লোকজন আমাদের লোকজনের সঙ্গে অহেতুক তর্কবিতর্ক করে। একপর্যায়ে এলোপাথাড়ি কিল-ঘুসি মারতে থাকে। এত টাকা খরচ করে বিয়ের অনুষ্ঠান করলাম কিন্তু তাদের এসব কর্মকাণ্ডের কারণে বিয়ের অনুষ্ঠানই মাটি হয়ে গেলো!’

কনের চাচা গোলাম মোস্তফা বলেন, বরের বাড়িতে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এটি খুবই লজ্জাজনক।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, তারা বউভাত অনুষ্ঠানে সংঘর্ষের কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।

এইচ এম কামাল/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।