যশোরে অকৃতকার্য আট শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
এসএসসিতে অকৃতকার্য হওয়া যশোর বোর্ডের আট শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছে। এরমধ্যে দুই জন ছাত্র ও ছয়জন ছাত্রী। রোববার দুপুরে ফলাফল প্রকাশিত হওয়ার পর তারা আত্মহত্যার চেষ্টা করে। এদিন বিকেলে ও সন্ধ্যায় তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
শিক্ষার্থীরা হলো, যশোর সদরের তীরের হাট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল মামুন (১৫), নিউ টাউন উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সুরাইয়া পারভীন (১৫), ভাতুড়িয়া গ্রামের ভাতুড়িয়া স্কুলের ছাত্রী মৌমিতা (১৫), নরেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সাবিনা ইয়াসমিন (১৫), দানবীন হাজী মুহম্মদ মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মনিরা খাতুন (১৭), সুলতানপুর নুরুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী আফসানা খাতুন (১৫), প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মহাসিনা পারভীন (১৫) ও মণিরামপুরের কুয়াদা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ইমন হোসেন (১৫)।
এদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় ইমন, মৌমিতা ও মনিরা খাতুনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ।
যশোর ২৫০ শয্যা হাসপাতালে রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, তার ছেলে আব্দুল্লাহ আল মামুন তীরের হাট মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র। সে দুটি বিষয়ে ফেল করায় বাড়িতে থাকা ঘুমের (ট্রিপটিন-৫) দুই পাতা ওষুধ খেয়েছে। তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা ওয়াস করেছে।
হাসপাতালে ভর্তি সুরাইয়া পারভীনের ভাই রেজাউল ইসলাম বলেন, সুরাইয়া ফেল করেছে। ভয়ে স্যাভলন পান করেছে।
মিলন রহমান/এমএএস/জেআইএম