সেন্টমার্টিন-শাহপরীরদ্বীপ লণ্ডভণ্ড : গাছচাপায় বৃদ্ধের মৃত্যু


প্রকাশিত: ০৬:৫৪ এএম, ৩০ জুলাই ২০১৫

কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপ ও সেন্টমার্টিনে প্রবল ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। এতে লণ্ডভণ্ড হচ্ছে এসব উপকূলের ঘর-বাড়ি ও গাছপালা। এসময় গাছচাপায় ইসলাম নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়া বাতাসের তোড়ে উড়ে গেছে অনেক কাঁচাবাড়ির চালা। ভেঙে পড়ছে দ্বীপের অধিকাংশ গাছগাছালি। নোঙর ছিঁড়ে হারিয়ে গেছে সাগরতীরে অবস্থানরত নৌকা ও মাছ ধরার অনেক ট্রলার।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রবল ঝড়ো হাওয়ায় বাড়ি থেকে বেরিয়ে নিরাপদ আশ্রয়ে যেতেও বিঘ্ন ঘটছে। সেন্টমার্টিন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান জাগো নিউজকে জানান, দ্বীপের পশ্চিমপাড়ায় গাছচাপায় মো. ইসলাম (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে তিনি গাছচাপা পড়েন। স্থানীয়রা তাকে গাছের নীচ থেকে উদ্ধার করেছেন। এসময় আরো অন্তত আহত হয়েছেন ২০ জন। বাতাসের গতিবেগ প্রবল হওয়ায় লোকজনের হাঁটা দূরে থাক দাঁড়িয়ে থাকাও অস্বাভাবিক হয়ে পড়েছে।

স্থানীয় মুরব্বিদের বরাত দিয়ে তিনি আরো জানান, শত বছরের ইতিহাসে দ্বীপের এমন ক্ষয়ক্ষতি কখনো হয়নি। মানুষ চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।

তার মতে, দ্বীপের ৯০ শতাংশ ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘর থেকে বেরিয়ে আশ্রয়কেন্দ্রে যাওয়া দূরূহ হয়ে পড়ায় জীবনের নিরাপত্তা নিয়ে চরম ঝুঁকিতে রয়েছেন দ্বীপবাসী।

স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুনর রশিদ জাগো নিউজকে জানান, সাধারণ লোকজনের কথা কী বলবো আমরাও বের হওয়ার সাহস পাচ্ছিনা। আপাতত কিছুই করা যাচ্ছে না। তবে, আগেই লোকজনকে নিরাপদে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে টেকনাফের শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া মাওলানা মুহাম্মদ হোসেন জাগো নিউজকে জানান, শাহপরীরদ্বীপের সর্বত্রই গাছপালা ভেঙে পড়ছে। পুরো দ্বীপ বর্তমানে পানিবন্দি রয়েছে।

টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আলম জাগো নিউজকে জানান, পুরো টেকনাফ জুড়ে প্রচণ্ড ঝড়ো বাতাস বইছে। উপজেলা প্রশাসনের পক্ষে গতকাল থেকে উপকূলবাসীকে নিরাপদে সরে যাবার অনুরোধ করা হয়েছিল। জরুরি অবস্থা মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।

সায়ীদ আলমগীর/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।