ঝিকরগাছায় পৌর যুবলীগের পাল্টাপাল্টি কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ১৮ মে ২০১৮

যশোরের ঝিকরগাছা উপজেলা যুবলীগের দু’পক্ষ পৃথক দুটি পৌর শাখা যুবলীগের কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার এমপি মনিরুল ইসলাম অ্যাডভোকেট পক্ষের কমিটি ঘোষণার পর শুক্রবার কমিটি করেছে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলামের অনুসারীরা।

বিকেলে স্থানীয় আলিয়া মাদরাসা মাঠে উপজেলা যুবলীগের আহ্বায়ক উবাইদুর রহমান উবা ও যুগ্ম আহ্বায়ক (২) ইলিয়াস মাহমুদ পৌর যুবলীগের ৪১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে ইকরামুল হক খোকনকে আহ্বায়ক, কামারুজ্জামান মিন্টু, আশরাফুল আলম, মনিরুল আলম মিশর ও আলিমুল মৃধাকে যুগ্ম আহ্বায়ক করে ৯০ দিনের জন্য ঝিকরগাছা পৌর যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির উপস্থিত ছিলেন।

এদিকে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে যুবলীগের একাংশের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনের অনুষ্ঠানে আকস্মিক পৌর যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণাকে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করার অপপ্রয়াস বলে দাবি করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম।

তার অনুসারী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক (১) সেলিমুল হক সালামসহ আহ্বায়ক কমিটির ৯ সদস্যের উপস্থিতি ও মতামত ছাড়াই কমিটি ঘোষণা করায় জেলা যুবলীগের সভাপতি ও সম্পাদকের কাছে মৌখিকভাবে অভিযোগ করা হয়।

এর প্রেক্ষিতে শুক্রবার উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক (১) সেলিমুল হক ও আহ্বায়ক কমিটির সদস্য শামীম রেজা স্বাক্ষরিত ৪১ সদস্যের অপর একটি পাল্টা পৌর যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এ কমিটিতে শাওন রেজাকে আহ্বায়ক, ইমামুল হাবিব জগলু, জাহিদ হাসান, ফারুক হোসেন, আবুল কালাম আজাদ (টিটু) ও সোহেল রানা স্বপনকে যুগ্ম আহ্বায়ক করে ঝিকরগাছা পৌর যুবলীগের অপর একটি ৪১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

মিলন রহমান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।