কক্সবাজার পৌর নির্বাচনে বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ বুধবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৩১ এএম, ২৯ জুন ২০১৮

কক্সবাজার পৌরসভা নির্বাচনে মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীদের মাঝে আগামী বুধবার (৪ জুলাই) প্রতীক বরাদ্দ দেয়া হবে। তবে দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই মেয়র পদে আওয়ামী লীগের মুজিবুর রহমান, বিএনপির রফিকুল ইসলাম ও জাতীয় পার্টির রুহুল আমিন সিকদার স্ব স্ব দলীয় প্রতীক নিয়ে মাঠে প্রচারণা চালাচ্ছেন।

প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিক প্রতীক বরাদ্দ দেবেন নির্বাচনের রিটার্নিং অফিসার ও কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন । তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুলাই।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, মেয়র পদে দলীয় ও স্বতন্ত্রপ্রার্থী পাঁচজন ও সংরক্ষিত চারটি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ১৫ জন এবং সাধারণ ১২টি ওয়ার্ডে ৮৪ জন কাউন্সিলরসহ মোট ১০৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা জানান, কক্সবাজার জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে ৪ জুলাই সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মেয়র, সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ও সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাধারণ ওয়ার্ড কাউন্সিলর (১ থেকে ৬নং) এবং দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত (৭ থেকে ১২ নং) ওয়ার্ডের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রতীক বরাদ্দ দেয়ার সময় প্রার্থীদের প্রস্তাবক ও সমর্থকসহ উপস্থিতি আবশ্যক।

তিনি আরও জানান, নির্বাচনে যারা প্রার্থীতা প্রত্যাহার করতে ইচ্ছুক তারা আগামী ৩ জুলাই মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে স্ব-শরীরে এক কপি ছবিসহ কোর্ট ফি যুক্ত আবেদনপত্র রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেবেন।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন বলেন, সবার সহযোগিতা পেলে একটি সুষ্ঠু ও পরিচ্ছন্ন নির্বাচন উপহার দেয়া সম্ভব। সে লক্ষ্যেই এগুচ্ছি আমরা।

উল্লেখ্য,গত ১০ জুন ঘোষিত তফসিল অনুযায়ী কক্সবাজার পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ২৪ জুন। এদিন ছয়জন মেয়রপ্রার্থী, ১৮ জন নারী কাউন্সিলর প্রার্থী ও ৮০ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আর বাছাই হয় ২৬ জুন। বাছাইয়ে প্রার্থী হওয়ার যোগ্যতার পরিপন্থী ঋণখেলাপী, আয়কর রিটার্ন সার্টিফিকেট না থাকাসহ আরও কয়েকটি কারণে একজন মেয়র ও সংরক্ষিত ওয়ার্ডে তিন নারী কাউন্সিলর প্রার্থীসহ ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৩ জুলাই ও ২৫ জুলাই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সায়ীদ আলমগীর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।