রামুতে সালিশ বৈঠকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১২:৩০ এএম, ০২ জুলাই ২০১৮

কক্সবাজারের রামুতে গ্রাম্য সালিশ চলাকালে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি আশকরখিল কালুর দোকান স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত রমিজ আহমদ (৪২) রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি দক্ষিণপাড়া এলাকার সুলতান আহমদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবদুস ছালাম কালু ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে স্থানীয় কালুর দোকান নামক স্টেশনে ইটভাটা মালিক আবদুল্লাহ কোম্পানির সঙ্গে ও দিল মোহাম্মদ নামের এক ইটভাটার মাঝির আর্থিক বিরোধ নিরসনে বৈঠকটি বসে। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রমিজ আহমদ। ওই বৈঠকে রামুর উত্তর মিঠাছড়ি উত্তর পাড়া এলাকার নজির আহমদের ছেলে মুবিন (২২) ও রমিজ আহমদ (২৫) সহ কয়েক দুর্বৃত্ত ছুরি নিয়ে এসে রমিজ আহমদকে ছুরিকাঘাত করে।

তাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর থেকে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

রামু থানার উপ-পরিদর্শক (এসআই) ছানা উল্লাহ জানিয়েছেন, ওই এলাকায় একটি ইটভাটার লেনদেন সংক্রান্ত সালিশ চলছিল। সেখানে ২ যুবক এসে রমিজ আহমদকে ছুরিকাঘাত করে। পরে তিনি মারা যান।

রামু থানার ওসি মিজানুর রহমান জানান, তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাতেই সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নিহত রমিজ আহমদ বিগত ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। ওই নির্বাচনে হামলাকারী মুবিন ও রমিজ আহমদের বড় ভাই যুবলীগ নেতা ইউনুসও প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান।

সায়ীদ আলমগীর/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।