সৈকতে ছিনতাইকালে ছুরিসহ ৫ ছিনতাইকারী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৫৮ এএম, ২৪ আগস্ট ২০১৮

কক্সবাজার সমুদ্র সৈকতে ছিনতাইয়ের নগদ টাকা ও ছুরিসহ পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে ঝাউবীথিতে এক পর্যটক দম্পতির কাছ থেকে ছিনতাইকালে আটক হন তারা। তাদের কাছ থেকে ৩টি ছুরি ও ছিনতাইয়ের তিন হাজার ২৮০ টাকা উদ্ধার করে পুলিশ।

ধৃতরা হলেন- মেরুংলোয়া গ্রামের আকতার মিয়ার ছেলে মো. ইসমাঈল (১৯), রাবার বাগান এলাকার মো. আনোয়ার হোসেন রানার ছেলে মো. আরিফ হোসেন (১৮), চা বাগান গ্রামের মো. শাকিলের ছেলে মো. রোমান (১৮), মধ্য মেরুংলোয়া পাড়ার মো. নুরুল হকের ছেলে মো. সেলিম (১৮) এবং একই গ্রামের সালামত উল্লাহর ছেলে মো. আব্দুল্লাহ (১৮)।

পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে এক পর্যটক দম্পতি শৈবাল পয়েন্ট দিয়ে ফিরছিলেন। সে সময় তাদের পথরোধ করে ছুরির মুখে জিম্মি করে সবকিছু কেড়ে নেয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। পর্যটক দম্পতির চিৎকার দিলে টহলে থাকা ট্যুরিস্ট পুলিশের সদস্যরা ধাওয়া করে ছিনতাইকারী দলের পাঁচজনকে আটক করে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি বলেন, ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে কক্সবাজার সদর থানায় পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।