বন্দরে মাদক ব্যবসায়ীদের হাতে যুবক খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০১:২৩ পিএম, ২৮ আগস্ট ২০১৮

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় রুবেল (৩০) নামে এক সিএনজি চালককে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা।

এ সময় রুবেলকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন রুবেলের স্ত্রী শারমিন ও বড় ভাই আলামিন।

এ ঘটনায় ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযোগ উঠেছে নিহত রুবেলও একজন মাদক ব্যবসায়ী ছিলেন।

সোমবার রাতে উপজেলার কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল কাইট্রাখালি কদমতলী এলাকার মৃত গোলাম আজগর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্দর উপজেলার কদমতলী এলাকায় জিসান ও সনেট নামে দুই মাদক ব্যবসায়ী গ্রুপের মধ্যে মাদকের পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে সোমবার মধ্যরাতে
কদমতলী এলাকায় দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

এ সময় সনেট গ্রুপের লোকজন জিসান গ্রুপের একজনকে মারধর করে। রুবেল এর প্রতিবাদ করতে গেলে তাকেও পিটুনি দেয় সনেট ও তার লোকজন।

এ সময় সনেট গ্রুপের লোকজন কুপিয়ে মারাত্মক জখম করে তাকে রাস্তায় ফেলে চলে যায়। পরে স্থানীয়রা রুবেলকে প্রথমে খানপুর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে গভীর রাতে তার মৃত্যু হয়।

নিহত রুবেলের ভাই পাভেল জানান, সোমবার রাতে রুবেল সিএনজি বন্ধ করে বাড়িতে আসে। কিছুক্ষণ পর রাস্তায় হৈচৈ শুনে বাইরে যায়। তখন মাদক ব্যবসায়ী সনেট, তানজিল, সাজেন, রুমান, হাসিম গংরা কয়েক জনকে শুনে পেটাচ্ছে রুবেল বাধা দিতে গেলে সনেট গ্রুপের লোকজন রুবেলকেও পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

বন্দর থানার ওসি একেএম শাহীন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ সনেট, হৃদয়সহ ৬ জনকে আটক করেছে। ঘটনাটির তদন্ত চলছে এবং ঢাকা মেডিকেল মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

শাহাদাৎ হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।